৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন, ১ হাজার ডলার দাবি হ্যাকারদের

স্টার অনলাইন ডেস্ক

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে হ্যাকার গ্রুপ 'মাদারাক্স'।

তাদের দাবি, এই তথ্যগুলো চাকরি খোঁজার প্ল্যাটফর্ম 'বিডিজবস' থেকে নেওয়া হয়েছে।

তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস এবং ভেরিফাই ছাড়া ব্যবহারকারীদের কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত রোববার ডার্ক ওয়েবের একটি ফোরামে হ্যাকার গ্রুপটি ওই বিজ্ঞাপন প্রকাশ করে।

তাদের দাবি, ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ ব্যক্তিগত ও পেশাগত নানা সংবেদনশীল তথ্য রয়েছে।

হ্যাকাররা পুরো ডেটাসেটের মূল্য চেয়েছে ১ হাজার ডলার। তারা জানিয়েছে, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এই তথ্য বিক্রি করা হবে।

অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের কথা বলা হয়েছে।

এদিকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিডিজবস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ব্যবহারকারীদের ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এমন যে ব্যবহারকারীর প্রোফাইল কারা দেখতে পারবে, তা তিনি নিজেই ঠিক করেন।

বিডিজবস আরও জানিয়েছে, নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাকাউন্ট থেকে বিডিজবসে  চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারেন। যদি কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান সেসব তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করে এবং বিষয়টি প্রমাণিত হয়, তবে বিডিজবস তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।