ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বাড়িতে মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অটোরিকশা ছিনিয়ে নিতে আতাউর রহমান আতা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনেরা জানিয়েছেন, ছেলে হারানোর খবর শুনে আতার মা জহুরা খাতুনেরও (৭৫) মৃত্যু হয়।

উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গত রাতে এই হত্যাকাণ্ড হয়।

পুলিশ জানিয়েছে, গত রাত ৮টার দিকে ৬ নম্বর ওয়ার্ডে মির্জানগর সরকার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় স্থানীয় বাসিন্দারা আতার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানায়।

এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আতার বাড়ি ওই উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা এলাকায়।

আজ শুক্রবার সকালে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা চালককে কুপিয়ে হত্যা করেছে।’

আতার মামাতো ভাই আকরাম হোসেন রিপন বলেন, ‘ছেলের মৃত্যুর খবর শুনে আমার ফুপু মারা গেছেন।’

কাপাসিয়ার আড়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, জহুরা খাতুনের মৃত্যুর তথ্য তিনিও শুনেছেন।

এদিন সকাল সাড়ে ১১টায় জহুরার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নাছির জানান, অটোরিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।