সাভারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আটক
ঢাকার সাভারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১টার দিকে সাভারের আড়াপাড়া এলাকা থেকে মাদ্রাসাটির প্রধান শিক্ষক রবিউল আওয়ালকে (২৮) আটক করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে জানান, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগের ভিত্তিতে রবিউলকে আটক করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।