সিরাজগঞ্জে এমপি আয়নুলের বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় গতকাল শনিবার রাতে ১৫ জনের নাম উল্লেখসহ ৫৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আলমগীর হোসেন মামলার এজাহারভুক্ত আসামি। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউজ্জামান।
গতকাল রাতে স্থানীয় বিএনপি নেতা শামিমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তবে মামলার স্বার্থে ও গ্রেপ্তার অভিযানের সুবিধার্থে তাৎক্ষণিকভাবে অন্য আসামিদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনবিষয়ক মতবিনিময় সভা শেষে ফেরার পথে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা চালায় একদল দুর্বৃত্ত।
হামলায় সংসদ সদস্য অক্ষত থাকলেও তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আয়নুল হক অভিযোগ করেন, এই হামলার পেছনে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। ঘটনার প্রতিবাদে বিএনপি স্থানীয় নেতা-কর্মীরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে, চান্দাইকোনা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সংসদ সদস্যের ডিও লেটার (আধা-সরকারি পত্র) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।
তবে হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নেতাকর্মীদের ওপর অপবাদ দেওয়া হচ্ছে।’