খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক মো. রনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ কয়েকজন গিয়ে স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, 'এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ জড়িত আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।'

জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ডেইলি স্টারকে বলেন, 'জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এ কাজ করেছে তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে তদন্ত করছে।'