সাভারে ভাড়া ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘ধর্ষণের পর হত্যা’
ঢাকার সাভারে ভাড়া ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, তাদের ধারণা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাকির হোসেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের একটি কক্ষে ভুক্তভোগীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল এবং কক্ষের ভেতরে পাওয়া বেশ কিছু আলামতের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমও কাজ করেছে। তাদেরও প্রাথমিক পর্যবেক্ষণ একই ধরনের বলে জানান এই উপপরিদর্শক।
জাকির হোসেন বলেন, ওই নারী রাজধানীর একটি মার্কেটে চাকরি করতেন। প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। মেয়েকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে তিনি থাকতেন।
পুলিশের ধারণা, বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
এ ঘটনায় মাসুম নামে একজনকে সন্দেহ করছে পরিবার। তবে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।