নেত্রকোণায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার কেন্দুয়ায় বড় বোনের বাড়িতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মামলায় অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।

আজ বুধবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিল। বাট্টা এলাকায় পৌঁছালে অভিযুক্ত মতি মিয়া তাকে মুখ চেপে পাশের খেতে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, 'অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।'