বোরকা পরে দাঁড়িয়ে ছিলেন ব্যক্তি, টর্চলাইট জ্বালিয়ে দেখতে যাওয়া ২ যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া, ছুরিকাঘাতে আহত আরেক যুবক তিলক শীল (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।

পঙ্কজ উপজেলার কচুয়াই ইউনিয়নের জৌলুর দিঘী এলাকার মিলন শীলের ছেলে।

আজ বুধবার সকালে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, গত রাত আনুমানিক ৯টার দিকে জৌলুর দিঘীর পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পঙ্কজ ও তিলক স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জৌলুর দিঘী এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের একজন বোরকা পরে ছিলেন। পঙ্কজ ও তিলক টর্চলাইট জ্বালিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই ঘটনাস্থলে গুরুতর আহত হন।

আহত ‍দুই যুবককে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ মারা যান।

সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জিয়াউল হক বলেন, হামলায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

‘হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।