কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়ে আটক ৪৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের মাটিয়ারা এলাকায় মিছিল বের করে সংগঠনটির দক্ষিণ জেলা শাখা।

খবর পেয়ে টহল পুলিশ ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া দেয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ৪৫ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ৩টি মাইক্রোবাস ও ২টি বাস জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকটি যানবাহনে করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হঠাৎ করে সড়কে নেমে মিছিল শুরু করে।

মিছিলের খবর ছড়িয়ে গেলে যুবদল-ছাত্রদলের কর্মীরা ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে। একইসময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে তল্লাশি দিয়ে মোট ৪৫ জনকে আটক করে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজি যুবায়ের আলম জিলানী ডেইলি স্টারকে
বলেন, 'তারা মিছিলের নামে যদি ভোগান্তির পাঁয়তারা করে তাহলে আমরা শক্ত হাতে দমন করব।'

ওসি রকিবুল ইসলাম বলেন, '৪৫ জনকে আটক করা হয়েছে। ৩টি মাইক্রোবাস ও ২টি বাস জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'