রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে সংশ্লিষ্ট আদালত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের জন্য ঈদের ছুটিতেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই বিচারপ্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ এগিয়ে নিতে ঈদের ছুটিতে সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সাম্প্রতিক সময়ে শিশুধের ওপর বর্বরতার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটি আসলে একটি সামাজিক অবক্ষয়। সামাজিক সংস্কার প্রয়োজন। কিছু অপসংস্কৃতি আমাদের সমাজে প্রভাব ফেলেছে। ধর্ষণের মাত্রা, তীব্রতা ও ধরন আমাদের সহ্যসীমার বাইরে।

রামিসাকে ধর্ষণ ও হত্যার সাত ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার এক দিনের মাথায় তার স্ত্রীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে আমরা খুব দ্রুত ডিএনএ পরীক্ষাও সম্পন্ন করেছি।

তিনি বলেন, শুধু এই মামলা পরিচালনার জন্য আমরা একজন বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দিয়েছি। সার্বিক দিক বিবেচনা করে আশা করছি, আজই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। আর আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। আমরা চাই, যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি দেশে ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হোন।