মাদারীপুরে নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুহিন সরদার (২৭) উপজেলার উত্তর সাহেবরামপুর সরদার বাড়ির দুলাল সরদারের ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মরদেহের পেটে ধারালো বস্তুর আঘাত ছিল। চোখেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি জহুরুল।