আটকে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারামুক্তি
জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোয় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তি আটকে গেছে।
আজ শনিবার তাকে ২০২৪ সালের ১৬ নভেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক।
সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী মোতাহার হোসেন সাজু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট।
যদিও, সুনির্দিষ্ট কোনো মামলায় আসামি হিসেবে নাম না থাকা পর্যন্ত খায়রুল হককে নতুন কোনো মামলায় যেন গ্রেপ্তার দেখানো না হয়, তা জানিয়ে গত ১৭ মে সরকারের প্রতি নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।
এর আগে সাবেক এই প্রধান বিচারপতিকে ৭ মামলায় জামিন দেন হাইকোর্ট। আপিল বিভাগও হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রাখেন।
আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, নতুন মামলায় জামিন না পাওয়া পর্যন্ত খায়রুল হক কারামুক্তি পাচ্ছেন না।
আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর গত বছরের ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় পরিবর্তনের অভিযোগসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।