দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতির একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

খায়রুল হকের করা জামিন আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

খায়রুল হকের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু ও মোনায়েম নবী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

মিথ্যা তথ্য প্রদান এবং ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার একটি প্লট আত্মসাতের অভিযোগে গত বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এবং রাজউকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে, চলতি বছরের ৮ মার্চ হাইকোর্টের অন্য একটি বেঞ্চ আরও চারটি মামলায় তাকে জামিন দেন। পরে ৯ মার্চ রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারটি পৃথক আবেদন দায়ের করে।

জামিন আবেদনের শুনানিতে খায়রুল হকের পক্ষে মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী এবং মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন সারোয়ার হোসেন।