খাগড়াছড়িতে খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
খাগড়াছড়ি গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত স্কেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে স্কেভেটরটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খননযন্ত্রটি দিয়ে হাফছড়ি ইউনিয়নের পিলাক খালে খননকাজ চলছিল।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২৮ এপ্রিল থেকে পিলাক খাল খনন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খালের বেশ কিছু অংশের কাজ শেষ হয়েছে। গতকাল রাতে একটি স্কেভেটরে আগুন দেওয়া হয়। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব।’
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’