অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রিট আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ মহসেন রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, তিনি হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন।
গত ৪ মে তিনি হাইকোর্টে এই আবেদনটি জমা দেন, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল।
তিনি দ্য ডেইলি স্টারকে আরও জানান,ওই সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়েও রিটে প্রশ্ন তোলা হয়।
এর আগে, এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আরও একটি রিট আবেদন করেন।
তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন।