চট্টগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেওয়া ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত ট্রাফিক কনস্টেবল আবদুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।

আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আবদুল কুদ্দুস সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৬ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ১৫ মে রাতে পাহাড়তলী থানার রসমনি ঘাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। আবদুল কুদ্দুস সেটিকে মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন।

অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, 'আবদুল কুদ্দুস অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় তার পাশে বসা চালক হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে গিয়ে তিনি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান।'

পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন পর আজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত চালক আবদুল জলিলকে ঘটনার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।