নারায়ণগঞ্জে মাদক সেবন নিয়ে তর্ক, পরদিন যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মদনগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. জুয়েল হোসেন (৪২) বন্দরের শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যায় জড়িতের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘এলাকায় মাদক সেবন নিয়ে আগেরদিন বিকেলে অভিযুক্তদের সঙ্গে নিহত ব্যক্তির তর্ক হয়। এ তর্কের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।’

নিহতের ভাই সোহেল হোসেন বলেন, ‘সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবনে বাধা দেওয়ায় জুয়েলের সঙ্গে তর্কে জড়ান তারা। মাদকসেবী ওই যুবকরাই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে জুয়েলকে।’

হামলার পর গুরুতর আহত অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন বলে জানান বন্দর ওসি। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান ওসি।

ওসি আশরাফ বলেন, ‘আগেরদিন বিকেলে মাদকসেবী স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তর্ক হয় জুয়েল ও তার এক বন্ধুর। এরই জেরে সন্ধ্যায় ওই যুবকরা জুয়েলের এলাকায় গিয়ে খুঁজেও আসে। তখন না পেলেও পরদিন দুপুরে নদীর পাড়ে ড্রেজিং ব্যবসার অফিসের পাশে পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে।’

‘প্রাথমিক তদন্তে হামলায় জড়িত সীমান্ত ও সৈকতসহ স্থানীয় কয়েকজন যুবকের নাম উঠে এসেছে। তারা এলাকায় মাদকসেবন করে থাকে। ইতোমধ্যে আকাশ ও আশিক নামে দু’জনকে পুলিশ আটক করেছে। হত্যার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ চলছে,’ যোগ করেন ওসি।

তবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।