শাহ আলী মাজারে হামলা: গ্রেপ্তার ৩ জন ২ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন—আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮) ও আরমান দেওয়ান।

নতুন করে কাউকে গ্রেপ্তার করা না হলেও অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি জাহাঙ্গীর।

গত বৃহস্পতিবার রাতে মাজারটিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০) ৯ জনের নাম উল্লেখ ও জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করেন।

মামলার পর গ্রেপ্তার তিনজনের মধ্যে আজম ও রাসেল এজাহারভুক্ত এবং আরমান দেওয়ান অজ্ঞাত আসামি। 

এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। 

তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।