নরসিংদীতে মাদ্রাসাশিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ, শিক্ষক আটক
নরসিংদী সদরে ৭ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
ভেলানগর জেলখানা মোড়ে এলাকার মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বেত্রাঘাতের অভিযোগ পাওয়ার পর ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল-মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত মাদ্রাসার নুরানি বিভাগের ওই শিক্ষার্থীকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে তাকে পেটানো হয়। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে গেলে প্রকাশ্যে আসে।
ওসি জানান, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
পরিবার জানায়, শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। শিশুটির শরীরজুড়ে বেত্রাঘাতের দাগ ও রক্তাক্ত ক্ষতচিহ্ন ছিল।
শিশুটির ফুপু শাকিলা বেগম ডেইলি স্টারকে বলেন, 'কোনোভাবে শিশুকে এভাবে পেটানো যায় না। এসব ঘটনা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা ক্ষুণ্ন করতে পারে।'
হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে এক শিশুকে ভর্তি করা হয়। তার শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।'
ওসি আল-মামুন বলেন, 'পরিবারের লিখিত অভিযোগের পর আজ শনিবার দুপুরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।'
ঘটনার বিষয়ে জানতে ওই মাদ্রাসার নম্বরে ফোন করে কাউকে পাওয়া যায়নি। বিকেলে মাদ্রাসায় গিয়ে কোনো শিক্ষক বা কর্মচারীকে পাওয়া যায়নি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরাও বলতে পারেনি শিক্ষকরা কোথায়।