সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৬ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আরও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

মানবপাচার ও নথিপত্র জালিয়াতির মামলায় দ্বিতীয় দফায় তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবন থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে ৫ দিনের রিমান্ডে দেন আদালত।

মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ইমরান আহমেদসহ ১০৩ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় এ মামলা করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার সময় মাসুদ উদ্দিন চৌধুরী সাভারে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। পরে তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

২০০৮ সালের ২ জুন তাকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) নিয়োগ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে ৮ জুন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।