নারায়ণগঞ্জে ছিনতাইয়ের শিকার পুলিশের এএসআই, সরকারি পিস্তল লুট
নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীরা ওই পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। আক্রান্ত পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) তাসমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, এএসআই লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তিনি সাময়িকভাবে নিজের টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল।
তিনি আরও জানান, মোটরসাইকেলে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তারা ওই পুলিশ সদস্যের কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকেই ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ এলাকা। প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।