নারায়ণগঞ্জে ছিনতাইচেষ্টার অভিযোগে পিটুনিতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।  

আজ রোববার ভোর ৬টার দিকে জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি আব্দুল বারিক বলেন, ‘একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই রিকশাচালকের চিৎকারে পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়া লোকজন জড়ো হন।’

‘অভিযুক্তদের দুজন ততক্ষণে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে একজন ধরা পড়েন। তাদের পিটুনিতে সেখানেই মৃত্যু হয় তার,’ বলেন ওসি। 

তিনি আরও জানান, এ সময় স্থানীয়রা ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। 

ওসি বারিক বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি চাকু ও চাপাতি জব্দ করা হয়েছে। গণপিটুনিতে এ মৃত্যুর ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’