হালুয়াঘাটে চুরির অভিযোগে শিশুকে ‘গলা টিপে’ হত্যা

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার স্বদেশি ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মিয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত আতাহার আলী (৩২) তাদের প্রতিবেশী।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, 'কয়েকদিন আগে শিশু ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী। আজ সন্ধ্যায় ইমনকে আতাহার তার ঘরে ডেকে নিয়ে গলা চেপে ধরলে ঘটনাস্থলেই ইমন মারা যায়।'

ঘটনা জানাজানি হলে আতাহার পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা বলেন, সামান্য সুপারি চুরিকে কেন্দ্র করে ইমনকে মেরে ফেলার ঘটনার
সঠিক বিচার দাবি করেন।