গোপালগঞ্জে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ
গোপালগঞ্জে সাড়ে তিন বছর বয়সী কন্যা সন্তানকে হত্যার অভিযোগে সেতু বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারীর স্বীকারোক্তির ভিত্তিতে এদিন বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়ার একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর বাড়ি গোবরা এলাকায়।
সরোয়ার বলেন, ‘গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী তার সাড়ে তিন বছর বয়সী কন্যাশিশু ফারিয়াকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তার মরদেহ একটি বাক্সে রেখে ঘরে তালা মেরে পালিয়ে যায়।’
‘৬ ফেব্রুয়ারি ফিরে এলে তার মা পারভিন আক্তার সেতুকে থানায় নিয়ে আসেন। দীর্ঘদিন শিশুটির খোঁজ না থাকায় সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
সরোয়ার আরও বলেন, আমরা জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডে তার বন্ধু জড়িত ছিল।
‘সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে,’ যোগ করেন তিনি।
নিহত শিশুর নানি পারভিন আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, ‘পাঁচ বছর আগে গোবরা মধ্যপাড়ার রুবেল শেখের সঙ্গে আমার মেয়ে সেতু বেগমের বিয়ে হয়। রুবেল কাতারপ্রবাসী হওয়ায় সেতু মেয়েকে নিয়ে গোবরা মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।’