বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতরাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. জামির উদ্দিন (৩২) ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার (৩০) ঢাকার লালবাগের পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে রুমায় যান। তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। পরদিন বিকেলে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির ও রোকাইয়া গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক সেনাবাহিনী ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ‘বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।’