ট্রাকচাপায় বাবা-দাদার পর মারা গেল ছোট শিশুটিও

এস দিলীপ রায়
এস দিলীপ রায়

রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও দাদাকে হারানোর মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কাছে হার মানল সাড়ে ৫ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়।

গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় শিশুটি।

গতকাল দুপুর ২টার দিকে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বন্ধনের বাবা প্রশান্ত চন্দ্র রায় (৩৫)।

গুরুতর আহত অবস্থায় শিশুটির দাদা নির্মল চন্দ্র রায়কে (৭৫) রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় শিশু বন্ধনকে।

এসব তথ্য নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গঙ্গাচড়া থেকে বড়াইবাড়ীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা।

বাবার সঙ্গে মোটরসাইকেলের সামনে বসেছিল ৫ বছরের শিশু বন্ধন। পেছনে বসেছিলেন তার দাদা নির্মল চন্দ্র রায়।

নিহত নির্মল চন্দ্র রায় ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন গ্রামের বাসিন্দা ছিলেন। প্রশান্ত পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে যাওয়ার পথে মন্থনা
বাজার সংলগ্ন জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার চেষ্টা করেন মোটরসাইকেল চালক প্রশান্ত। এ সময় সড়কের ওপর ছড়িয়ে থাকা ধানের খড়ের কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে ট্রাকের সামনে চলে যায়।

দুর্ঘটনায় এক পরিবারের বাবা, দাদা ও নাতির মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দা জয়হরি চন্দ্র রায় ডেইলি স্টারকে বলেন, 'নিহতদের স্বজনরা একসঙ্গে তিনজনের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছেন।'

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু বলেন, 'নির্মল ও তার ছেলে প্রশান্ত এলাকায় খুবই পরিচিত ও সেবাপরায়ণ ছিলেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। পরিবারটির সদস্যদের কান্না থামছে না।'

ওসি আব্দুস ছবুর বলেন, 'এ দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'