শ্রীপুরে উল্টো দিক থেকে আসা ট্রাকচাপায় গেল ২ বন্ধুর প্রাণ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।

তারা হলেন—ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) ও একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)।

আজ শুক্রবার সকালে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, সোলাইমান ও কাওসার ছোটবেলার বন্ধু। কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন। সোলাইমান চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।

চার বন্ধু দুটি মোটরসাইকেলে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহে সোলাইমানের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। জৈনা বাজার এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, বলেন ফয়সাল।

কামরুজ্জামান আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মাছবাহী ট্রাকটি রং সাইডে চলছিল। সে কারণে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।’

‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।