ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় তিনলাখ-চারগাছ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, তারা দুজন ট্রাকের ওপরে ছিলেন। ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গেল ঘটনাস্থলেই তারা নিহত হন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আহত চালক ও হেলপার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।