বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, প্রবাসী স্বামীসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মৃতের প্রবাসী স্বামীসহ পরিবারের অন্তত ৯ জন এবং মাইক্রোবাস চালক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুর বৌ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনায় একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের দুবাই প্রবাসী লিটন মিয়াকে বিদায় দিতে পরিবারের সদস্যরা ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। গাড়িটি বৌ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়ার স্ত্রী মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাইক্রোবাসটিতে ১১ জন ছিলেন। আহত ১০ জন সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন।'

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।