ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পর উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের কলেজ রোড এলাকার রেলক্রসিংয়ে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ময়মনসিংহ শহরের কেওয়াটখালী লোকোশেড থেকে পাঠানো একটি উদ্ধারকারী ট্রেনও ঘটনাস্থলে যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এর ফলে উদ্ধার কাজ তাৎক্ষণিকভাবে শুরু করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি কলেজ রোড রেলক্রসিংয়ে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওসি আরও বলেন, রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাইনচ্যুত বগিটি লাইনে তোলার চেষ্টা চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।