চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত অন্তত ৬১
নেত্রকোণা, কুষ্টিয়া, চাঁদপুর ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ অন্তত পাঁচজন নিহত এবং ৬১ জনের বেশি আহত হয়েছেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণা
সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নেত্রকোণায়। সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও তার দুই মেয়ে নিহত হন। নিহতরা হলেন সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) ও ইতি আক্তার (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী মহুয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও পাঁচজন আহত হন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করার পর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া
অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় সেনা সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, সেনাবাহিনীর রিক্রুট সদস্যদের নিয়ে একটি বাস বগুড়া ক্যান্টনমেন্ট থেকে খুলনা ক্যান্টনমেন্টে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাসের বহু যাত্রী আহত হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ইকবাল হাসান জানান, ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাঁদপুর
এদিকে চাঁদপুর সদর উপজেলার গাছতলা বাদামতলী এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মির্জা জোহা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহা ও তার সঙ্গী সাজ্জিল মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জোহার মৃত্যু হয়। আহত সাজ্জিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর
অপরদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের শুকনো খাদে উল্টে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘আল বরাক’ পরিবহনের একটি বাস এই দুর্ঘটনার শিকার হয়। হাইওয়ে পুলিশ জানায়, বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।