ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় দুই পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা ও সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) এবং মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারায়ণখালী ব্রিজের পূর্ব পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু ইব্রাহিম ফকির (১৭)। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর গাড়িটিতে থাকা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিমুজ্জামান মাতুব্বর নিহত হন। আহত হন আরও তিনজন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি হেলালউদ্দিন।