বরিশালে বাসের ধাক্কায় ৪ বছরের মেয়েসহ দম্পতি নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৪ বছরের মেয়েহসহ এক দম্পতি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৬) এবং তাদের ৪ বছর বয়সী মেয়ে জান্নাত।
ওসি মহসীন হোসেন বলেন, পরিবারটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে গৌরনদীর দিকে যাচ্ছিল। পথে বাটাজোর এলাকায় পৌঁছালে বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের ব্রেক বিকল হলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গৌরনদী থানার ওসি তারিখ হাসান রাসেল ডেইলি স্টারকে বলেন, পুলিশ রেকার দিয়ে বাসটি সরানোর চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।