নওগাঁ-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে নওগাঁগামী বাসের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে মহাসড়কের কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজীপাড়ার বাসিন্দা জেমি খাতুন (৪৫) ও তার মেয়ে তনু (২০)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এভারগ্রিন নামের একটি এসি বাস ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। বিকেল ৪টায় সময় পথে কাজীপাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিলে ফেলে। তখন সামনে থাকা ভ্যানকে ধাক্কা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে মা-মেয়ের মৃত্যু হয়।

হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।