ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আনুমানিক ৬টায় দিকে মুন্সীরহাট এলাকায় ঠাকুরগাঁও শহর-রেলওয়ে স্টেশন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন জানান, নিহত দুই যুবক মোটরসাইকেলে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনীর সঙ্গে ধাক্কা লাগলে তারা ছিটকে পড়েন।
নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর গ্রামের ঋষিকেশ রায়ের ছেলে ঋত্বিক রায় (২৫) ও তার বন্ধু হরিহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক হাসান (২৪)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলটি ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আশিককে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল এক শিশু ও এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন—তেঁতুলিয়ার মাঝিপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আনোয়ার হোসেন (২১) ও দেবীগঞ্জের সোনাপাতা-পাঁচকোল গ্রামের সেবেন্দ্র নাথ রায়ের ছয় বছর বয়সী মেয়ে পাপড়ি রানী রায়।