ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপে ধাক্কা, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে আরেকটি পিকআপের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

আজ ভোর ৪টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার আতাদী সেতুর ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোরে ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে যায়। চালক ও তার সহকারী রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী আরেকটি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ওই পিকআপের চালক ও সহকারী নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত দুজনেরই বয়স ৩০ বছরের কাছাকাছি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এক্সপ্রেসওয়ের ভাঙ্গা অংশে গত কয়েক দিনে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।

এর আগে গত শনিবার ভোরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার কাছে একটি দুর্ঘটনা ঘটে। সেখানেও একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে যায়। চাকা বদলানোর সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই ট্রাকের চালক ও তার সহকারী (সম্পর্কে বাবা-ছেলে) নিহত হন।

তারও আগে ১৪ মে রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বড় কাভার্ড ভ্যানের পেছনে ছোট একটি পিকআপ ধাক্কা দেয়। ওই ঘটনায়ও পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছিলেন।