বাস ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনী সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার লেমুয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক নুরুল আলম (৪৬) ও তার ছেলে নুর হাসনাত নিরব (২৫)। তাদের বাড়ি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামে।

আহত মো. আফজাল (৩৫) লেমুয়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেলে ফেনী শহর থেকে লেমুয়া বাজারের দিকে যাচ্ছিলেন নুরুল আলম। পথে লেমুয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল নিহত হন। আহত দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে ছেলে নিরব মারা যান।

ওসি আসাদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আরেকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।