বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানী ১২ নম্বর সড়কের ভবনে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর বনানীর বহুতল ভবনের অষ্টম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনানীর ১২ নম্বর সড়কের বহুতল ভবনের অষ্টম তলায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
