শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সিরাজনগর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে। তিনি হলেন, হান্নান মিয়া (৩৫)। তার বাড়ি উপজেলার উত্তর বাড়াউরা গ্রামে।
সূত্র জানিয়েছেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা অটোরিকশাচালক ও তিন যাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।