নদীতে পাওয়া গেল আরও ২ মরদেহ, মৃত্যু বেড়ে ১৮

স্টার অনলাইন রিপোর্ট

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

এ নিয়ে মোট ১৮ জনের মরদেহ উদ্ধার করা হলো।

আজ বৃহস্পতিবার ভোররাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার পর উপস্থিত জনতা দুইজনের মরদেহ উদ্ধার করেছিল। বাসটি নদী থেকে তোলার পর ভেতরে ১৪ জনের মরদেহ পাওয়া যায়।

‘এরপর ডুবুরি দল নদী থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে,’ বলেন রানা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হয়েছিলেন।

পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি নদী থেকে উপরে তোলার চেষ্টা শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।