চট্টগ্রামে ষাঁড়ের গুঁতোয় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় ষাঁড়ের গুঁতোয় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

নিহত সারাবন তাহুরা নিঝুম (১৫) উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

আজ বুধবার দুপুরে ওই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আমিরাবাদ মল্লিক সোবহান এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে নিঝুম দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলে যাচ্ছিল। 

গেটের কাছাকাছি পৌঁছালে বিক্রির জন্য বাজারে নিয়ে আসা একটি ষাঁড় হঠাৎ তাকে লক্ষ্য করে তেড়ে এসে শিং দিয়ে জোরে গুঁতো দেয়।

এতে মেয়েটি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশওয়ার সাদিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মেয়েটিকে জরুরি বিভাগে আনা হলে তার শরীরে ষাঁড়ের শিংয়ের গুরুতর আঘাত ছিল। ভর্তির কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।'

ঘটনার পর লোহাগাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওসি আব্দুল জলিল বলেন, 'আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'