গাজীপুরে মোটরসাইকেল চাপা দিয়ে যাত্রীবাহী বাসে আগুন, আহত ১
গাজীপুর মহানগর এলাকায় একটি মোটরসাইকেল চাপা দেওয়ার পর আগুন লেগে যাত্রীবাহী বাস পুড়ে গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বোর্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আলোকিত মধুপুর সিটিং সার্ভিস নামে একটি বাস বোর্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়ে আহত হন।’
‘এরপর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয় এবং বাসে আগুন ধরে যায়। তবে বাসচালক ও যাত্রীদের কেউ আহত হননি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ ছিল, ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে যান,’ বলেন হিরণ।
তবে মোটরসাইকেল চালকের পরিচয় ও তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।