সমাজ জাগরণে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ভূমিকা অনন্য: ঢাবি উপাচার্য

স্টার অনলাইন রিপোর্ট

এদেশের মানুষের জাগরণ ও অগ্রগতির পেছনে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ভূমিকা অনন্য হলেও নিজ অঞ্চলেও তিনি উপেক্ষিত বলে হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আজ রোববার ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ও প্রিন্সিপাল খালেদা হাবিব স্মারক বক্তৃতায় তিনি বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'প্রিন্সিপাল ইবরাহীম খাঁ বাংলাদেশ ও বাংলা ভাষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গণমাধ্যমে দেখলাম, তার নিজ অঞ্চলেও তিনি উপেক্ষিত—এটি অপ্রত্যাশিত। এ অঞ্চলের মানুষের জাগরণ ও অগ্রগতির পেছনে তার ভূমিকা অনন্য। বলা যায়, বাঙালি মুসলমান সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মেয়ে প্রিন্সিপাল খালেদা হাবিবও সেই চিন্তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাদের দুজনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-প্রিন্সিপাল খালেদা হাবিব ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ এবং প্রিন্সিপাল খালেদা হাবিবের মতো ব্যক্তিত্বদের অবদান সমাজে আরও বেশি তুলে ধরা প্রয়োজন। আমরা সবসময় এমন মানুষদের চিন্তা ও কর্মকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টি সদস্য মোসাদ্দেক হাবিব। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

এ আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ। তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে ঢাবি শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি সমর্থন দিয়েছেন। তারা রাজপথে অবস্থান নিয়েছেন এবং পুলিশি নির্যাতনের মুখে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। সে সময় "বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক" লাগাতার প্রতিবাদ, মানববন্ধন এবং আন্দোলনের দিনগুলোতে সক্রিয় ভূমিকা পালন করে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।