অনলাইন কোরবানি সার্ভিস: সুবিধা নাকি ঝুঁকি?

শবনম জাবীন চৌধুরী

গত কয়েক বছর ধরে অনলাইনে কোরবানি দেওয়ার বিষয়টি জনপ্রিয় হয়ে উঠছে। তবে অনলাইন সেবাগুলো নিয়ে আমাদের মনে অনেক সময়ই সংশয় কাজ করে। আমরা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি—আসলেই কি সঠিক সেবা পাব, নাকি প্রতারণার শিকার হবো!

অনলাইন কোরবানি সার্ভিসের কিছু বিষয় আলোচনা করা হলো, যাতে ঈদুল আজহায় অনেকের মনে থাকা নানা প্রশ্নের সমাধান হয়।

অনলাইন কোরবানি সার্ভিস কী?

পবিত্র ঈদুল আজহার দিন সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সরাসরি উপস্থিত থেকে কোরবানি দেওয়ার পরিবর্তে কোনো বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানি সম্পন্ন করার সেবাই হচ্ছে অনলাইন কোরবানি সার্ভিস।

কোরবানির পশু কেনা থেকে শুরু করে কসাই নির্বাচন, ধর্মীয় বিধান মেনে পশু জবাই করা, মাংস সঠিকভাবে ভাগ করা এবং বিতরণ পর্যন্ত কোরবানির প্রতিটি ধাপ একটি প্রতিষ্ঠান গ্রাহকের পক্ষ থেকে সম্পন্ন করে থাকে।

এটি সাধারণত খুব সহজ একটি প্রক্রিয়া। প্রথমে একজন ব্যক্তিকে নির্বাচন করতে হয় যে তিনি কোন ধরনের পশু কোরবানি দিতে চান। যেমন: গরু, ছাগল, ভেড়া, মহিষ বা উট। সামর্থ্য অনুযায়ী ছোট বা বড় পশু নির্বাচন করা যায়। এছাড়া, সাত ভাগে কোরবানি দেওয়ার যে প্রচলিত নিয়ম রয়েছে, সে অনুযায়ীও একজন ব্যক্তি একটি অংশ নির্বাচন করতে পারেন।

পরবর্তী ধাপে প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে পুরো অর্থ পরিশোধ করতে হয়।

এরপর থেকে দায়িত্ব নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যারা অনলাইন কোরবানি সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি গ্রাহকের প্রদত্ত অর্থ ও ইসলামী বিধান অনুযায়ী একটি সুস্থ পশু নির্বাচন করে। ঈদের দিন দক্ষ ব্যক্তিদের মাধ্যমে যথাযথ ও মানবিক উপায়ে কোরবানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সবশেষে মাংস ভাগ করে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

পশু নির্বাচন ও নিয়ম পালনের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন কতটা মেনে চলে প্রতিষ্ঠানগুলো?

অনলাইনে যেহেতু নিজে সরাসরি সবকিছু যাচাই করার সুযোগ থাকে না, তাই মনে কিছুটা সংশয় কাজ করাটা স্বাভাবিক। অনলাইনে কোরবানির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অনেকের ধারণা, কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হয়তো যথেষ্ট গুরুত্ব দেয় না কিংবা সুস্থ ও উপযুক্ত পশু নির্বাচন করে না।

তবে বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো ইসলামের বিধান মেনে এবং সততার সঙ্গে পশু যাচাই-বাছাই করে থাকে। পশুর উপযুক্ত বয়স, শারীরিক অবস্থা ও সুস্থতা নিশ্চিত করার পরই তারা পশু ক্রয় করে এবং ঈদের দিন কোরবানি সম্পন্ন করে।

জবাইয়ের ক্ষেত্রেও ধর্মীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়। একজন মুসল্লি আল্লাহর নাম নিয়ে, ইসলামী বিধান অনুযায়ী এবং ধারালো ছুরি ব্যবহার করে জবাই সম্পন্ন করেন। পাশাপাশি এ বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করা হয়, যাতে কোরবানির প্রাণীটি জবাইয়ের সময় যতটা সম্ভব কম কষ্ট পায়।

আর্থিক লেনদেন কতটুকু নিরাপদ?

অনলাইন কোরবানির ক্ষেত্রে অর্থও যেহেতু অনলাইনেই পরিশোধ করতে হয়, তাই এর নিরাপত্তা নিয়ে অনেকের মনেই কিছুটা দুশ্চিন্তা কাজ করে। বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত সিকিউরড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করে থাকে। ফলে সেবাগ্রহীতারা দ্রুতই পেমেন্ট কনফার্মেশন পেয়ে যান।

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—পশু নির্বাচন ও অর্থ পরিশোধের কাজ ঈদের বেশ কিছুদিন আগেই সম্পন্ন করে ফেলা ভালো। কারণ ঈদ যত ঘনিয়ে আসে, কোরবানির পশু এবং নির্দিষ্ট এলাকায় কোরবানি দেওয়ার স্লট ততই সীমিত হয়ে যেতে থাকে।

মাংস কীভাবে বণ্টন করা হয়?

ট্র্যাডিশনাল কোরবানি ও অনলাইন কোরবানির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটি হলো মাংস বণ্টনের পদ্ধতি। অনলাইন কোরবানি সার্ভিসে সাধারণত কোরবানির মাংসের বড় একটি অংশ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো স্থানীয় টিমের সহায়তায় যাচাই-বাছাই করে যে ব্যক্তি বা পরিবার আসলেই অসহায় অবস্থা বা দারিদ্র্যের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তাদের কাছেই মাংস পৌঁছে দেয়।

প্রতিষ্ঠানের সঙ্গে পূর্ববর্তী আলোচনা ও শর্ত অনুযায়ী, অনেক ক্ষেত্রে কোরবানি দাতাকেও কোরবানির মাংসের একটি অংশ পাঠানো হয়ে থাকে।

স্বচ্ছতা ও বিশ্বস্ততা

অনলাইন কোরবানির ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে একজন ব্যক্তি সশরীরে কোরবানির পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন না। তাই একটি প্রতিষ্ঠানের জন্য সততা বজায় রাখা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।

বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত এ বিষয়ে বেশ সচেতন থাকে এবং কোরবানি দাতার আস্থা বজায় রাখতে বিভিন্ন ধরনের আপডেট ও তথ্য প্রদান করে থাকে। যেমন:

  • কোরবানির বুকিং নিশ্চিত হওয়ার পর একটি কনফার্মেশন পাঠানো হয়।

  • ঈদের দিন কোথায় কোরবানি সম্পন্ন হচ্ছে এবং মাংস কীভাবে বণ্টন করা হচ্ছে, সে বিষয়ে নিয়মিত আপডেট জানানো হয়।

  • লিখিত রিপোর্ট, ছবি বা ভিডিওর মাধ্যমেও কোরবানির আপডেটগুলো দেওয়া হয়ে থাকে।

নানা কারণে বর্তমানে অনেক মানুষ অনলাইন সেবার মাধ্যমে কোরবানি দিচ্ছেন। বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো সততা ও ধর্মীয় রীতিনীতি মেনেই কোরবানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কোনো প্রতিষ্ঠান বিশ্বস্ত কি না, তা বুঝতে তাদের সম্পর্কে জেনে নিন। এক্ষেত্রে তাদের সার্ভিস নিয়েছে, এমন কারো কাছ থেকে জেনে নিতে পারলে ভালো। তা ছাড়া, অনলাইনেও তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া যেতে পারে।