লেজ দিয়ে যায় চেনা

স্টার অনলাইন ডেস্ক

আপনার বাসার বিড়ালটি কি কখনো লেজ সোজা করে আপনার কাছে ছুটে আসে? আবার কখনো রাগ হলে জোরে জোরে লেজ নাড়ায়, অথবা কখনো ভয় পেলেও বিড়ালের লেজ হঠাৎ ফুলে ওঠে। মজার বিষয় হলো, বিড়াল আসলে তাদের লেজ দিয়েই অনেক অনুভূতি প্রকাশ করে। তারা খুশি কি না, ভয় পেয়েছে কি না, রেগে আছে কি না—এসব অনেকটাই বোঝা যায় তাদের লেজের ভঙ্গি দেখে।

বিশেষজ্ঞরা বলেন, বিড়াল শুধু ‘ম্যাঁও’ ডেকে নয়, শরীরের নানা অঙ্গভঙ্গির মাধ্যমেও অনুভূতি প্রকাশ করে। আর সেই ভাষা প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তাদের লেজ।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিড়ালের লেজে থাকে ১৮ থেকে ২৩টি ছোট হাড়। যেগুলো একে অপরের সঙ্গে শিকলের মতো যুক্ত থাকে। এ কারণেই লেজ এত সহজে নানা দিকে বাঁকতে পারে। যখন বিড়ালের কোনো অনুভূতি হয়, তখন তার মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে লেজের পেশিতে সংকেত যায়। ফলে খুব দ্রুত ও নিখুঁতভাবে লেজ নড়াতে পারে।

লেজের ভঙ্গিতে অনুভূতি প্রকাশ 

মার্কিন প্রাণী আচরণ বিশেষজ্ঞ মাইকেল দেলগাদো বলেন, বিড়াল যদি লেজ সোজা ওপরে তুলে রাখে, তাহলে সাধারণত বোঝায় স্বস্তিতে আছে। অনেক সময় বিড়াল পছন্দের কাউকে দেখে লেজ ওপরে তুলে কাছে আসে। এটি তার আনন্দ বা স্বস্তির লক্ষণ হতে পারে।

যদি বিড়ালের লেজ সোজা থাকে ও হালকা কাঁপে, তাহলে সাধারণত সে খুব উত্তেজিত বা খুশি। বিশেষ করে প্রিয় মানুষকে দেখলে অনেক বিড়াল এভাবে লেজ কাঁপায়।

হয়তো দেখেছেন, ভয় পেলে বা হঠাৎ চমকে গেলে বিড়ালের লেজ ফুলে যায়। এটি আসলে আত্মরক্ষার একটি উপায়। ভয় পেলে বিড়ালের শরীরের লোম খাড়া হয়ে যায়, ফলে সে দেখতে বড় ও ভয়ংকর লাগে। এতে শত্রুকে ভয় দেখানো সহজ হয়। অনেক মানুষের ভয় পেয়ে শরীরে কাঁটা দেওয়ার মতো।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যদি বিড়াল লেজ নিচের দিকে নামিয়ে রাখে বা শরীরের সঙ্গে গুটিয়ে রাখে, তাহলে সাধারণত বোঝায় সে ভয় পেয়েছে বা অস্বস্তিতে আছে। এ সময় বিড়াল নিজেকে ছোট করে নিরাপদ রাখতে চায়।

যদি বিড়াল লেজ বারবার মাটিতে আঘাত করে বা দ্রুত এদিক-ওদিক নাড়ায়, তাহলে সে হয়তো বিরক্ত, রাগান্বিত বা উত্তেজিত। এ সময় তাকে বিরক্ত না করাই ভালো।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু লেজ দেখেই বিড়ালের অনুভূতি পুরোপুরি বোঝা যায় না। তার কান, চোখ, শরীরের ভঙ্গি এবং আশপাশের পরিস্থিতিও দেখতে হয়। যেমন—কান খাড়া থাকলে সাধারণত খুশি বোঝায়, কান গুটিয়ে ভয় বা রাগ বোঝাতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানুষ ও বিড়ালের সঙ্গে আচরণ আলাদা হতে পারে

গবেষণায় দেখা গেছে, বিড়াল অন্য বিড়ালের সঙ্গে একভাবে আচরণ করে, আর মানুষের সঙ্গে অন্যভাবে। মানুষের কাছে এলে অনেক বিড়াল লেজ ওপরে তোলে, বিশেষ করে পায়ের সঙ্গে গা ঘষার আগে। কিন্তু অন্য বিড়ালের সঙ্গে যোগাযোগের সময় তারা বেশি কান ব্যবহার করে অনুভূতি প্রকাশ করতে পারে।

মোটকথা বিড়ালের লেজ শুধু শরীরের একটি অংশ নয়। এটি তাদের অনুভূতি প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।

তাই পরেরবার যখন বিড়ালের দিকে তাকাবেন, তার লেজ কী বলছে সেটাও বোঝার চেষ্টা করে দেখতে পারেন।

সূত্র: লাইভ সায়েন্স