সাবান কীভাবে জীবাণু ধ্বংস করে
আমরা সবাই জানি, খাওয়ার আগে বা বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া খুব জরুরি। কারণ সাবান হাতের জীবাণু দূর করে। কিন্তু মজার প্রশ্ন হলো, সাবান কীভাবে জীবাণু ধ্বংস করে?
বিজ্ঞানীরা বলছেন, সাবানের ভেতরেই লুকিয়ে আছে এক ধরনের ‘সুপারপাওয়ার’! সাবানের প্রতিটি ছোট কণাকে বলা হয় অণু। আর এই অণুর দুইটি অংশ থাকে, একটি হাইড্রোফিলিক হেড ও একটি হাইড্রোফোবিক টেইল।
গবেষক লি রিলে বলেন, সাবানের হাইড্রোফিলিক হেড পানির দিকে যায়। আর হাইড্রোফোবিক টেইল পানি একদম পছন্দ করে না। বরং এটি তেল ও চর্বির দিকে যায়।

অনেক জীবাণু, বিশেষ করে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার শরীরের বাইরের অংশে চর্বির মতো এক ধরনের আবরণ থাকে। যেমন করোনাভাইরাসেরও এমন একটি চর্বিযুক্ত আবরণ আছে। সাবানের হাইড্রোফোবিক টেইল সেই চর্বির আবরণের ভেতর ঢুকে পড়ে।
তারপর কী হয়?
সাবান সেই আবরণ ভেঙে ফেলে। আর তখন জীবাণু ধ্বংস হয়ে যায়।
তবে সব জীবাণু খুব সহজে নষ্ট হয় না। কারণ কিছু জীবাণুর বাইরের দেওয়াল বা আবরণ বেশ শক্ত হয়।
এক্ষেত্রে সাবানের আরেকটি কৌশলে কাজ করে।
সাবানের অনেক অণু একসঙ্গে মিলে ওই জীবাণুকে চারদিক থেকে ঘিরে ফেলে। এতে ছোট্ট বলের মতো একটি ফাঁদ তৈরি হয়। বিজ্ঞানীরা এই বলকে ‘মাইসেল’ বলেন। এই ফাঁদের ভেতর জীবাণু আটকা পড়ে যায়।
তারপর যখন আমরা পানি দিয়ে হাত ধুই, তখন সেই জীবাণুগুলো সাবানের সঙ্গে হাত থেকে দূরে চলে যায়।
গবেষক জন সোয়ার্জবার্গ বলেন, সাবানের বাইরের অংশ পানির দিকে যায় বলেই খুব সহজে সেই জীবাণুগুলোকে ধুয়ে দূরে নিয়ে যেতে পারে।
২০১০ সালে বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেন।
২০ জন মানুষের হাতে ডায়রিয়ার জীবাণু লাগানো হয়। এরপর তাদের তিনটি দলে ভাগ করা হয়।
তাদের একদল কেবল পানি দিয়ে হাত ধোয়। একদল সাবান ও পানি দিয়ে হাত ধোয়। আরেকদল হাতই ধোয় না। পরে দেখা গেল—যারা হাতই ধোয়নি, তাদের ৪৪ শতাংশের হাতে জীবাণু থেকে গেছে। যারা শুধু পানি ব্যবহার করেছে, তাদের ২৩ শতাংশের হাতে জীবাণু ছিল। কিন্তু যারা সাবান দিয়ে হাত ধুয়েছে, তাদের মাত্র ৮ শতাংশের হাতে জীবাণু পাওয়া যায়।
অর্থাৎ শুধু পানির চেয়ে সাবান বেশি কার্যকর।
২০ সেকেন্ড হাত ধোয়া কেন জরুরি
অনেকে ভাবেন ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ লেখা সাবান হয়তো বেশি শক্তিশালী। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সাধারণ সাবানই যথেষ্ট।
বরং অতিরিক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করলে কিছু ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওষুধপ্রতিরোধী হয়ে উঠতে পারে। ফলে ভবিষ্যতে সেই জীবাণুকে মারা আরও কঠিন হয়ে যাবে।
এছাড়া এসব সাবান ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে। অথচ আমাদের শরীরে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যারা আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।
সাবান ব্যবহার করলেই হবে না, ঠিকমতো সময় নিয়েও হাত ধুতে হবে। বিজ্ঞানীরা বলছেন, সাবানের লেজকে জীবাণুর সঙ্গে লড়াইয়ে কিছুটা সময় লাগে। তাই অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া দরকার।
খুব তাড়াতাড়ি হাত ধুয়ে ফেললে সাবান পুরো কাজ করার সুযোগ পায় না।
সূত্র: সায়েন্স এলার্ট, লাইভ সায়েন্স