জাতিসংঘের মহাসচিব নির্বাচনের দৌড়ে যোগ দিলেন সপ্তম প্রার্থী

স্টার অনলাইন ডেস্ক

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষ নাগাদ। 

গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের দৌড়ে ইতোমধ্যে ছয় জন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শনিবার সেই তালিকায় যোগ দিয়েছেন সপ্তম প্রার্থী।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সপ্তম প্রার্থী হিসেবে যোগ দিয়েছেন উগান্ডার বিরোধীদলের শীর্ষ নেতা ও প্রেসিডেন্ট পদের প্রার্থী ওলারা ওতুন্নু। জাতিসংঘেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পছন্দের প্রার্থী হিসেবে ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম উল্লেখ করেছেন।

তবে এখনো ইনফান্তিনোর প্রার্থিতা নিয়ে নতুন কোনো তথ্য জানা যায়নি।

জাতিসংঘ জানিয়েছে, উগান্ডা সরকারের মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে।

ওতুন্নু ১৯৯৭-২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মহাসচিব কফি আনানের অধীনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর। ছবি: রয়টার্স
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর। ছবি: রয়টার্স

তিনি জাতিসংঘে উগান্ডার দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া অল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

২০১১ সালের নির্বাচনে ওতুন্নু বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দীর্ঘদিনের নেতা ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন।

মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন।

ইতোমধ্যে জাতিসংঘের বর্তমান মহাসচিব গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার কূটনীতিক ও বিশ্ব পরমাণু সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বার্কেট এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল।

গত বৃহস্পতিবার ওই ছয় প্রার্থী টিভিতে সম্প্রচারিত বিতর্কে অংশ নেন।

আগামী ৩০ জুলাই নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র রুদ্ধদ্বার ভোটে অংশ নিয়ে তাদের পছন্দের প্রার্থী বেছে নেবে।

যতক্ষণ না একজন প্রার্থী অন্তত নয়টি ভোট পান এবং পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটোর মুখে না পড়েন, ততক্ষণ ভোট চলতে থাকবে।

এরপর নির্বাচিত প্রার্থীর নাম আনুষ্ঠানিক নিয়োগের জন্য সাধারণ পরিষদে পাঠানো হবে।

২০২৬ সালের ৩১ ডিসেম্বর পদ ছাড়বেন গুতেরেস।

২০২৭ সালের ১ জানুয়ারি নতুন মহাসচিব দায়িত্ব নেবেন।