প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

স্টার অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির নৌবাহিনী এমনটি জানিয়েছে। অবশ্য এর আগে ওই অঞ্চলের দেশগুলো সতর্ক করে বলেছিল, বেইজিং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার পরিকল্পনা করছে।

নৌবাহিনীর উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে মুখপাত্র ওয়াং জুয়েমেং জানান, আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ০১ মিনিটে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় সফলভাবে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

ডামি ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সমুদ্র এলাকায় নিখুঁতভাবে অবতরণ করে বলেও জানান তিনি। ওয়াং আরও উল্লেখ করেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত আয়োজন এবং ওই অঞ্চলের দেশগুলোকে এ বিষয়ে আগেই জানানো হয়েছিল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় চিংদাও উপকূলে যখন চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরুর প্রস্তুতি চলছে, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সামনে এলো। তবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলমান নৌ মহড়ারই অংশ কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, পাপুয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রী এবং নিউজিল্যান্ড সরকারের একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, বেইজিং প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

চীন তাদের আগে থেকে সতর্ক করেছিল কি না—এমন প্রশ্নের জবাবে পাপুয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টিকাটচেঙ্কো বলেন, হ্যাঁ, চীন আমাকে এ বিষয়ে ব্রিফ করেছে। চীনা রাষ্ট্রদূত আমাকে ফোন করেছিলেন।

নিউজিল্যান্ড সরকারের একটি সূত্রও এএফপিকে নিশ্চিত করে যে, চীন তাদের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগেভাগেই অবহিত করেছিল।

তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় গিয়ে পড়বে, সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি।

২০২৪ সালের সেপ্টেম্বরে চীনের এলিট রকেট ফোর্স ফ্রেঞ্চ পলিনেশিয়ার কাছে সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। এটি ছিল ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে আন্তর্জাতিক জলসীমায় চীনের প্রথম কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।

বিশ্লেষকরা তখন জানিয়েছিলেন, সেটি ছিল চীনের অত্যাধুনিক ডংফেং-৩১ সিরিজের ক্ষেপণাস্ত্র, যা থার্মোনিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের এমন এক এলাকায় গিয়ে পড়েছিল, যা আন্তর্জাতিক চুক্তির আওতায় দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃত।

গত মাসে এএফপির হাতে আসা নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর একটি অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা যায়, তারা ব্যক্তিগতভাবে সতর্ক করে বলেছিল যে প্রশান্ত মহাসাগরে বেইজিংয়ের নৌ-অভিযান ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখন থেকে একটি নিয়মিত বিষয়ে পরিণত হতে চলেছে।