প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা, ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার

স্টার অনলাইন ডেস্ক

ইউরোপজুড়ে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

একইসঙ্গে স্ক্যান্ডিনেভিয়া থেকে আল্পস পর্বতমালা পর্যন্ত বহু দেশে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে এএফপি ও রয়টার্স।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ফ্রান্স আজ রোববার এক বিবৃতিতে জানায়, ২৪ জুন থেকে এ পর্যন্ত আগের মাসগুলোর একই সময়ের তুলনায় প্রায় এক হাজার অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ৮৫ শতাংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী ছিলেন।

সংস্থাটি বলেছে, যেসব অঞ্চল সর্বোচ্চ সতর্কতা বা 'রেড অ্যালার্ট'-এর আওতায় ছিল, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে প্যারিস ও তার আশপাশের এলাকা নিয়ে গঠিত ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে বাসায় মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইতালির ভেনিসে চলমান তাপপ্রবাহের মধ্যে একটি ফোয়ারার পানি দিয়ে শরীর ঠান্ডা করছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি একাকী ও সামাজিকভাবে বিচ্ছিন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহায়তা জোরদারের প্রয়োজনীয়তার কথা আবারও মনে করিয়ে দেয়।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

রোববার ফ্রান্সে তাপমাত্রা কিছুটা কমলেও এর আগে কয়েকদিন ধরে দেশের অনেক এলাকায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে শনিবার নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে। জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার প্রাথমিক রেকর্ড তৈরি হয়েছে, আর সুইজারল্যান্ডে ভেঙেছে জুন মাসের রেকর্ড। এর আগে সপ্তাহজুড়ে ফ্রান্স ও ব্রিটেনেও নতুন রেকর্ড গড়ে।

ইতালির ভেনিসে তীব্র তাপপ্রবাহের মধ্যে একটি পাবলিক ফোয়ারা থেকে পানি সংগ্রহ করছে মানুষ। ছবি: এএফপি

জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের ময়েকার্ন-ড্রেভিৎস এলাকায় শনিবার তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা আগের দিনের ৪১ দশমিক ৩ ডিগ্রির রেকর্ড ভেঙে দেয়।

ডেনমার্কে আরহুস শহরের উত্তরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৮৭৪ সালে পরিমাপ শুরু হওয়ার পর সর্বোচ্চ। চেক প্রজাতন্ত্রেও প্রাগের উত্তরে ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শুক্রবার ছিল ইতিহাসের উষ্ণতম রাত।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই তীব্র তাপপ্রবাহ প্রায় অসম্ভব ছিল। তাদের মতে, বর্তমানে রাতের তাপমাত্রা দুই দশক আগের তুলনায় ১০০ গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জার্মানির গ্রিন পার্টির সাবেক পার্লামেন্টারি নেতা ক্যাটরিন গ্যোরিং-একহার্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি আর মনোরম গ্রীষ্মকালীন আবহাওয়া নয়, এটি একটি জনস্বাস্থ্য সংকট।’

ফ্রান্সের প্যারিসে তীব্র তাপপ্রবাহের মধ্যে ট্রোকাদেরো ফোয়ারার পাশে স্বস্তি খুঁজছে মানুষ। ছবি: এএফপি

বার্লিনে শনিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পুলিশ দুটি জলকামান মোতায়েন করে।

তাপপ্রবাহের কারণে ইউরোপজুড়ে নানা ধরনের প্রভাব পড়েছে। জার্মানিতে প্রায় সারা দেশেই চরম তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে, আর পোল্যান্ডের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

হাঙ্গেরিতে দানিয়ুব নদীর পানি উষ্ণ হয়ে ওঠায় পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টরের উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে সুইজারল্যান্ডের বেজনাউ পারমাণবিক কেন্দ্রও আরে নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ ১৮টি শহরে শনিবার ও রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ পো নদীর পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি অনেক ভেতরে ঢুকে পড়ছে, যা কৃষি ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করেছে।

আল্পস অঞ্চলেও রাতের বেলায় স্বস্তি মেলেনি। ইতালির দক্ষিণ টাইরলের বোলজানো শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা জুন মাসের নতুন রেকর্ড। পরিবেশবিদরা ইউরোপের হিমবাহগুলোর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

সার্বিয়াজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে রাজধানী বেলগ্রেডের একটি পানির ফোয়ারা থেকে পানি পান করছে কবুতর। ছবি: এএফপি

অত্যধিক তাপের কারণে ইউরোপের বিভিন্ন দেশে সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জার্মান রেলওয়ে অপারেটর ডয়চে বান যাত্রীদের আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার যাত্রা বাতিলের সুযোগ দিয়েছে। অন্যদিকে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অত্যধিক গরমে হামবুর্গের কাছে জার্মানির অন্যতম ব্যস্ত একটি মহাসড়কের একটি লেনে ফাটল দেখা যাওয়ায় আংশিক বন্ধ করে দেওয়া হয়।

সুইজারল্যান্ডে লোজান প্রাইড শোভাযাত্রায় অতিরিক্ত পানির ব্যবস্থা ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। মিলানে প্রাইড মিছিলের সময় পিছিয়ে বিকেল ৫টায় নেওয়া হয়। আর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তীব্র গরমের কারণে সাইক্লিং ও দৌড়ের দূরত্ব কমিয়ে দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, গ্রিক বর্ণ ওমেগার আকৃতির মতো একটি উচ্চচাপ বলয় বা 'ওমেগা ব্লক' সৃষ্টি হওয়ায় বিশাল গরম বাতাস দীর্ঘ সময় ধরে ইউরোপের ওপর আটকে রয়েছে। এর ফলেই মৌসুমের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি তাপমাত্রা দেখা দিচ্ছে।

তবে সপ্তাহান্তের পর চরম তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে এবং বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।