লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

স্টার অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তবে লেবাননে নতুন করে হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।

দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বর্তমান সামরিক অভিযান শেষ হলেও পরিস্থিতির অবনতি ঘটলে তারা নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত।

আল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের কয়েকটি শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর দেশটির রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

লেবাননে হামলার মাধ্যমে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে এর আগে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) জানিয়েছিল, এই হামলা সপ্তাহব্যাপী টানা আক্রমণের সূচনা মাত্র।

এদিকে এপ্রিলের পর প্রথমবার পাল্টাপাল্টি হামলা চালানোর পর ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।